পেছনে ফেলে এসেছি অনেকটা পথ,
জানা অজানায় করা অনেক শপথ,
কুসুমাস্তীর্ণ ছিলোনা অনেকটা তার,
শ্বাপদ সংকুল ছিল কখনো আবার।
বরাভয় ছাড়াই তবু হেঁটে এসেছি,
ভুলে ভ্রান্তিতে প্রভু তোমায় স্মরেছি।
যা কিছু সত্য, ঋজু, ন্যায় ও সুন্দর,
হে প্রভু, বেঁধে রেখো মোরে নিরন্তর
তারই সাথে। আর যা কিছু অসত্য,
বক্র, ভ্রষ্ট ও অসুন্দর, প্রভু রচে দিও
তা থেকে আমার ব্যবধান দুস্তর।
