বৈশাখের জ্বর উঠেছে
সেলসিয়াসে চল্লিশ
ঢালতে হবে মাথায় পানি
পাচ্ছে না কেউ তার হদিস।
কেউবা সিন্নী মানত করে
কেউবা ব্যাঙের বাচ্চা ধরে
কলা গাছের পাল্কী নিয়ে
আলতা মেখে দিচ্ছে বিয়ে।
যাচ্ছে তারা বাড়িবাড়ি
কাদা বানায় উল্টে হাঁড়ি
সেখানে দেয় গড়াগড়ি
হয়ে যাবে ডাল খিঁচুড়ি।
দাও আল্লা দাও পানি
ধানের ভূঁইয়ে নাই পানি
তিলের ভূঁইয়ে হাঁটু পানি
ধানের ভূঁইয়ে নাই পানি
দাও আল্লা দাও পানি।